মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

আন্দোলনের নামে সড়ক অবরোধে ঢাকার বাড়ছে যানজট: ডিএমপি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ১৮:১২

আপডেট: ২ নভেম্বর, ২০২৫ ১৮:২৭

শেয়ার

আন্দোলনের নামে সড়ক অবরোধে ঢাকার বাড়ছে যানজট: ডিএমপি
ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে প্রায়ই রাজধানীর সড়কগুলো অবরোধ করে আন্দোলন করছে মানুষ। এতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি শুরু করে। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে।

এ ছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

সবশেষে বলা হয়, শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।