মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

প্রেমের ফাঁদে ফেলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১৩:৪৬

শেয়ার

প্রেমের ফাঁদে ফেলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক গ্রেপ্তার
প্রতারক মো. রাজিব খান ওরফে ঈশান

প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো. রাজিব খান ওরফে ঈশান (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রীসপ্রবাসী ঈশানের সঙ্গে ভুক্তভোগী সুমাইয়া সুলতানার পরিচয় হয় প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ঈশান বিয়ের প্রস্তাব দেন এবং সুমাইয়ার পরিবার ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

পরবর্তীতে তিনি সুমাইয়ার ছোট ভাই এবং বোনের দেবরকে গ্রীসে পাঠানোর আশ্বাস দেন। এ উদ্দেশ্যে তিনি ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে মোট ৪ লাখ টাকা গ্রহণ করেন। পরে দেশে ফিরে আসার পর তিনি আবারও বিদেশে পাঠানোর নামে আরও ৫ লাখ টাকা দাবি করেন।

গত ৮ অক্টোবর দুপুরে মোহাম্মদপুরের শ্যামলী স্কয়ার শপিং মলে সুমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে ঈশান নগদ ৫ লাখ টাকা নেন। এরপর থেকে তিনি সুমাইয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী সুমাইয়া সুলতানা গত ১৭ অক্টোবর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় ঈশানের অবস্থান শনাক্ত করে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।



banner close
banner close