রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য মো. রাসেল মিয়া (৩১) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল। তিনি সংস্থার প্রধান কার্যালয়ে কর্মরত এবং যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় বাস করেন।
রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের প্রতিবেশী নুরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে রায়েরবাগ এলাকা দিয়ে যাওয়ার সময় রাসেলের গতিরোধ করে তিন থেকে চারজন অজ্ঞাত ছিনতাইকারী। তারা ছুরি দিয়ে হাতে আঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, পরে আহত অবস্থায় রাসেলকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে আহত অবস্থায় সিআইডির কনস্টেবল রাসেলকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইকারীদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন:








