রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সক্ষমতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।
বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপির কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলীর হাতে এসব গাড়ির চাবি হস্তান্তর করেন তিনি। এই উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা রয়েছে। সে প্রয়োজন মেটাতেই মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায়, অর্থ ও শিল্প উপদেষ্টার সহযোগিতায় ২০০টি গাড়ি সরকারিভাবে ক্রয় করা সম্ভব হয়েছে। এরই অংশ হিসেবে আজ ২০টি পিকআপ হস্তান্তর করা হলো।”
তিনি আরও জানান, “প্রথম ধাপে ২০০টি পিকআপ সংযুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে আরও পিকআপ, প্রিজন ভ্যানসহ অন্যান্য যানবাহন ক্রয় করা হবে। পুলিশের কার্যক্রমে গতি বাড়াতে যানবাহন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। এই গাড়িগুলো যুক্ত হওয়ার মাধ্যমে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং অপরাধ দমনেও সক্রিয়তা বাড়বে বলে আমরা আশা করছি।”পুলিশের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে তিনি জানান, “রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টি এখনও ভাড়া ভবনে চলছে। ইতোমধ্যে ৫টি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি থানাগুলোও স্থায়ী ভবনে রূপান্তর করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী।
এছাড়া বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








