নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, “আগামী মন্ত্রিসভার মন্ত্রীদের জন্য ৬০টি বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে”—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. সালেহউদ্দিন বলেন,“এটা কোথায় দেখেছেন জানি না। আমাকে কোট করেছে, আমি নাকি অ্যাপ্রুভ করেছি! কোনো প্রশ্নই আসে না। কোনো মন্ত্রীর জন্য গাড়ি কেনার অনুমোদন দিইনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছিল, সেটা আমি বন্ধ করে দিয়েছি।”
তিনি বলেন, মাঠপর্যায়ে নির্বাচনের সময় ভাঙাচোরা গাড়ি নিয়ে কাজ করা সম্ভব নয়। এ কারণে ইউএনও, এসিল্যান্ড ও কিছু ডিসির জন্য গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
“তিনশোর কাছাকাছি গাড়ি কেনার বিষয়টি অ্যালাউ করেছি। এর মধ্যে ইউটিলিটি কার ও মাইক্রোবাস থাকবে। আমরা মোটামুটি সাশ্রয়ীভাবেই করছি।”
অর্থ উপদেষ্টা আরও জানান, চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া সাবেক এমপিদের বেশ কয়েকটি দামি গাড়ি নিলামে কম দামে বিক্রির চেষ্টা হচ্ছিল। তবে সেগুলো বিক্রি না করে সরকারি পরিবহন পুলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“এ রকম ৩০ থেকে ৪০টি গাড়ি আছে, যেগুলো খুবই ভালো মানের। এগুলো ব্যবহার করা হবে সরকারি কাজে।”
আরও পড়ুন:








