আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে চূড়ান্ত করা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ। আজ বৃহস্পতিবার (২৮আগষ্ট) দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসি সূত্র জানায়, নির্বাচনের জন্য ২৪টি কর্মপরিকল্পনা ২০৭ ধাপে বাস্তবায়ন করা হবে। প্রতিটি ধাপের সুনির্দিষ্ট সময়সীমা রোডম্যাপে উল্লেখ থাকবে। তবে ভোটগ্রহণ বা তফসিল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক করেনি কমিশন।
রোডম্যাপের মূল বিষয়গুলো
অংশীজনদের সঙ্গে সংলাপ: সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিকসহ আট শ্রেণির অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এ কার্যক্রম।
ভোটার তালিকা: ৩১ আগস্ট প্রকাশিত হবে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩০ নভেম্বর।
আইন ও বিধি সংস্কার: ৩১ আগস্টের মধ্যে সংশোধনী প্রস্তাব ও খসড়া প্রণয়ন সম্পন্ন করা হবে। এর মধ্যে রয়েছে সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং নির্বাচন পরিচালনা বিধি।
রাজনৈতিক দল নিবন্ধন: ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। এর আগে ৩১ আগস্ট মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
সীমানা নির্ধারণ: ১৫ সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করবে ইসি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ হবে জিআইএস ম্যাপ।
পর্যবেক্ষক ও সাংবাদিক: দেশি পর্যবেক্ষকদের নিবন্ধন চূড়ান্ত হবে ২২ অক্টোবরের মধ্যে এবং সনদ দেওয়া হবে ১৫ নভেম্বর। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমতি দেওয়ার কাজও শেষ হবে একই সময়ে।
প্রশিক্ষণ ও সরঞ্জাম: ২৯ আগস্ট থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে ভোটগ্রহণের ৪–৫ দিন আগে শেষ হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনি মালামাল সংগ্রহ ও বিতরণ শেষ করা হবে।
আইনশৃঙ্খলা: প্রথম সভা হবে ২৫ সেপ্টেম্বর। ১৬–২০ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ বিষয়ে বৈঠক হবে।
আইসিটি ও প্রচার: ৩১ অক্টোবরের মধ্যে আইসিটি কাজ সম্পন্ন হবে। ৩০ নভেম্বরের মধ্যে সচেতনতামূলক প্রচার শেষ করার লক্ষ্য রয়েছে।
তফসিল ঘোষণা ডিসেম্বরের প্রথমার্ধে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগেই জানিয়েছেন, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল প্রকাশ করবে ইসি।
আরও পড়ুন:








