বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১৮:৩২

আপডেট: ২৮ আগস্ট, ২০২৫ ১৬:৫৪

শেয়ার

বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন
ছবি: সাংবাদিক ইলিয়াস হোসাইন

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার একটি মামলা করেন।

মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান বনজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে সাংবাদিক ইলিয়াস হোসাইন খালাস দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন।

ট্রাইব্যুনালের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সাক্ষী সমাপ্ত ঘোষণা করে রায় ঘোষণা করেন। রায়ে ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার একটি মামলা করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো: রবিউল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

গত ২০২৩ সালের ২৫ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত চার্জশিট আমলে নিয়ে সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা মো: আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি প্রদান করেন। একইসাথে অপর আসামি সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুলের ভাই মো: হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেন।

২০২৪ সালের ১৮ জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ মামলায় বাবুলের ভাই মো: হাবিবুর রহমান লাবুকে অব্যাহতি দেন ও ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।



banner close
banner close