শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ০৮:৩৫

শেয়ার

জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো মঙ্গলবার। এ উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে পাঠ করবেন। একইদিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন তিনি। এতে বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, একইদিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন তিনি। এতে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি।

সরকারের একটি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করবেন। এরপর তিনি নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার আহ্বান জানাতে পারেন।

সরকারের আরেকটি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরুতে সিদ্ধান্ত ছিল ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ৮ আগস্ট ভাষণ দেবেন তিনি। তবে, সরকার গঠনের তারিখকে কেন্দ্র না করে ৫ আগস্টেই ভাষণ দেয়ার সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা।



banner close
banner close