শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

থানাই হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১১:২৬

শেয়ার

থানাই হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা: আইজিপি
ছবি: সংগৃহীত

জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক, আইজিপি বাহারুল আলম।

তিনি বলেন, ‘থানায় এসে কেউ যেনো অপমানিত না হয়, থানার দরজা যেনো মানুষের জন্য খোলা থাকে। থানাই হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ-এর সম্মেলন কক্ষে ‘থানায় হয়রানিমুক্ত ও আইনগত সার্ভিস ডেলিভারি প্রদানের মাধ্যমে জনআস্থা পুনরুদ্ধারে পুলিশের করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান আইজিপি।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর ভারপ্রাপ্ত রেক্টর এস এম রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (ট্রেনিং) ড. এ এফ এম মাসুম রব্বানী, পিবিআই এর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনাব বাহারুল আলম বলেন, ‘আমাদের পেছনের পথ ছিল অনেক ভুল সিদ্ধান্তের ফলাফল। আমরা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি, আমাদের আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে। আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা যেনো হয়রানিমুক্ত সেবা দেই। থানায় অভিযোগ করতে এসে কেউ যেনো অপমানিত না হয়, থানার দরজা যেনো মানুষের জন্য খোলা থাকে। আমাদের আচরণ যেনো মানবিক হয় এবং আমরা যেনো জনমুখী সেবা দিতে পারি।

পুলিশ প্রধান বলেন, ‘জুলাই বিপ্লব কেবল একটি ঘটনা প্রবাহ নয়। এটি ছিল ন্যায়, মানবতা ও দায়িত্ববোধের এক জাগরণ। এ জাগরণ আমাদের স্মরণ করিয়ে দিয়েছে, সেবাই আমাদের প্রকৃত পরিচয়, জনগণই ক্ষমতার উৎস।’

কর্মশালায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।



banner close
banner close