শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৮:৪৭

শেয়ার

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাগর নামে ওই আসামিকে গ্রেপ্তার করে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাগরকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার একটি চৌকস টিম।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ঘটনার খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ ও র‌্যাব কর্তৃক ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। মো. সাগরকে গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করো হলো। এদের মধ্যে ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close