শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

সততা পরিশ্রম এবং স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৫:১৮

আপডেট: ২৬ জুলাই, ২০২৫ ১৫:৪৭

শেয়ার

সততা পরিশ্রম এবং স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে: আইজিপি
ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে।

শনিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের কৃতি সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) আবু নাছের মো. খালেদ।

মেধাবী সন্তানদের উদ্দেশ্যে বাহারুল আলম বলেন, ‘জীবন সবসময় সোজা পথে চলে না। কখনো সাফল্য, কখনো ব্যর্থতা এ দুই জীবনের প্রকৃত রূপ। ব্যর্থতা এলে তোমরা কখনো ভেঙে পড়বে না। বরং তা থেকে শিক্ষা নিয়ে আরো দৃঢ়চিত্তে এগিয়ে চলবে। মনে রাখবে, তোমাদের অদম্য মেধা, আকাশছোঁয়ার স্বপ্ন, পাহাড় সমান দৃঢ়তা একদিন পৌঁছে দেবে সাফল্যের সর্বোচ্চ শিখরে যেখানে দাঁড়িয়ে পুরো পৃথিবী তাকাবে অবাক বিস্ময়ে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের সন্তানেরা বড় হবে, তারা আরো কৃতিত্বপূর্ণ কাজ করবে। শুধু পড়াশোনায় নয়, তারা বাস্তব জীবনে কর্মক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখবে। আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে।’

আইজিপি বলেন, ‘আমি চাই এ শিশুরা, এ তরুণরা হোক আগামী দিনের আদর্শ দেশপ্রেমিক, মানবিক ও কর্মনিষ্ঠ নাগরিক। তারা হোক নৈতিক নেতৃত্বের প্রতীক, হোক সাহস ও সম্ভাবনার আলোকবর্তিকা।’

অভিভাবকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘আপনাদের সন্তানদের সাফল্যের পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। দায়িত্বের প্রয়োজনে পরিবারের পুলিশ সদস্যটি অনেক সময় সন্তানদের জন্য যথেষ্ট সময় দিতে পারেন না। তবুও আপনারা সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন এটা সত্যিকারের এক বিরল বিপ্লব বলে আমি মনে করি। আমার বিশ্বাস, বাংলাদেশ পুলিশের এ মেধাবৃত্তি কর্মসূচি কেবল পুরস্কার নয়, এটি একটি দৃষ্টান্ত।’

তিনি বলেন, ‘পুলিশে চাকরি করে আপনারা আপনাদের সন্তানগুলোকে যেভাবে যত্ন করেছেন, খেয়াল করেছেন, স্কুলে পাঠিয়েছেন এবং তারা কৃতিত্বপূর্ণ ফল লাভ করেছে, এটা আমাদের জন্য গর্বের।’

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) আবু নাছের মো. খালেদ বলেন, ‘বাংলাদেশ পুলিশের মেধাবী সন্তানদের আজকের এ স্বীকৃতির মূল উদ্দেশ্য হলো তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গড়ে তুলতে পারে।’

পরে প্রধান অতিথি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে গত ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।



banner close
banner close