রামপুরা এলাকায় এক ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলার আসামি ইয়াসিন পাটোয়ারীকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।
গ্রেপ্তার ইয়াসিন পাটোয়ারীর নিকট হতে ছিনতাই হওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকায় অভিযানা পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায় আমিরুল ইসলাম নামের একজন ঠিকাদার নরসিংদী জেলায় তার চলমান প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। গত ২১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে তিনি বনশ্রী মেইন রোডস্থ আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তার ড্রাইভার এবং পাশে থাকা একজন অজ্ঞাতনামা যুবক তাকে ধরে গাড়িতে তুলে। ওই যুবকও গাড়িতে উঠে বসে।
পরবর্তীতে আমিরুল ইসলাম তার নিজ বাসার নিচে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে রিসিপশনে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেয়। এরপর আমিরুল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্সকৃত জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা করা হয়।
মামলাটি তদন্তকালে রামপুরা থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে উক্ত ছিনতাই মামলার আসামি দক্ষিণখান থানাধীন পশ্চিমপাড়া আশকোনার রোড নং-০২, বাসা নং-৩৬-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উক্ত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ইয়াসিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:








