রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সচিবালয়ে ঢুকে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ২০:৫২

আপডেট: ২৩ জুলাই, ২০২৫ ২০:৫৩

শেয়ার

সচিবালয়ে ঢুকে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা
ছবি সংগৃহীত

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার দুইশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একইসঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ডিএমপির বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন৷ এতে বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতনামা এক হাজার থেকে এক হাজার দুইশো শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীরা মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রনালয় কর্মসূচিল পালন করে। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের উদ্দেশ্যে মার্চ করলেও পরবর্তীতে শিক্ষাভবন থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য সচিবালয়ের সামনে অবস্থান নেন। আন্দোলন চলাকালীন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয়ের সকল গেট বন্ধ করে দেওয়া হয়। তাদেরকে সচিবালয়ে প্রবেশ না করার জন্য বিভিন্ন ভাবে অনুরোধ করা হয়। পরে তারা বেআইনী জনতাবন্ধ হয়ে পুলিশের বেরিকেড ভেঙ্গে শাহবাগ সচিবালয়ের মেইন গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অনেকে গুরুতর আহত হন। এছাড়া সরকারি গাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।



banner close
banner close