শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

শোকে থমকে দাঁড়ালো আপিল বিভাগ, এক মিনিট নিরবতা পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১১:০৮

শেয়ার

শোকে থমকে দাঁড়ালো আপিল বিভাগ, এক মিনিট নিরবতা পালন
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় এক মিনিট নিরবতা পালন করেছে দেশের সর্ব্বোচ আদালত আপিল বিভাগ। কোমলমতি শিশুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি দাঁড়িয়ে নিরবতা পালন করেন। শোক-শ্রদ্ধায় নিস্তব্ধ হয়ে যায় আপিল বিভাগের এজলাস কক্ষ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ বিচারকাজের শুরুতে এক মিনিট নিরবতা পালন করেন। বেঞ্চের অন্য ৬ বিচারপতি হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি মো. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

প্রধান বিচারপতি বলেন, ‘মাইলস্টোন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সমগ্র জাতি শোকাহত। আমরা বাকরুদ্ধ।’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন শিশু। দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।



banner close
banner close