শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ০৯:৫১

শেয়ার

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ হস্তান্তর
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার রাত থেকে ১২ ঘণ্টা আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ২৭ জন মারা গেছে। এর মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুইজনের মধ্যে একজন পাইলট ও অপরজন শিক্ষিকা।’

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘মোট ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো ৬ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ রয়েছে। শনাক্ত করার জন্য ডিএনএ স্যাম্পল নেয়া হতে পারে।’

চিকিৎসার সব রকমের প্রস্তুতি রয়েছে জানিয়ে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে জাতীয় বার্নে ৪২, সিএমএইচে ২৮, ঢামেক বার্নে ৩ (২ জন আইসিইউ)।’

সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।



banner close
banner close