ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এই উপলক্ষে সোমবার (২১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজন করা হয়েছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে – ২০২৫’।
ইবনে সিনা হাসপাতালসংলগ্ন রাজপথে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এতে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই গণআন্দোলনে যাত্রাবাড়ী ছিল অন্যতম প্রতিরোধ কেন্দ্র। সাহসিকতা, আত্মত্যাগ ও নেতৃত্বের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম সমাজ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁদের এই অবদানকে ‘জুলাইয়ের স্ট্যালিনগ্রাড’ হিসেবে আখ্যায়িত করা হয়।
অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ১১টা পর্যন্ত। এতে থাকবে শহিদ পরিবারের স্মৃতিচারণ, আন্দোলন-নেতাদের অভিজ্ঞতা বর্ণনা, ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনের দলিলভিত্তিক উপস্থাপনা। এছাড়া হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান এবং তথ্যচিত্র প্রদর্শনী ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’ দেখানো হবে।
সবশেষে প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনায় থাকছে একটি ব্যতিক্রমী ড্রোন শো।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের গৌরবময় ভূমিকার আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে—যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন:








