শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, বিশেষ গুরুত্ব পাবে ‘অভিবাসন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ০৮:৩৭

আপডেট: ২১ জুলাই, ২০২৫ ১১:১৬

শেয়ার

৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, বিশেষ গুরুত্ব পাবে ‘অভিবাসন’
ছবি সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। সফরের পরদিন, ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। আলোচনা শেষে একান্ত বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নিয়ে সেদিনই ঢাকা ত্যাগ করতে পারেন ইতালির সরকারপ্রধান।

উল্লেখ্য, ১৯৯৮ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন। সেটিই ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশের প্রথম সফর।

বাংলাদেশ ও ইতালির মধ্যে চলতি বছরের মে মাসে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারক সই হয়, যার লক্ষ্য অবৈধ অভিবাসন রোধ করে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা। বাংলাদেশের পক্ষে এতে সই করেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং ইতালির পক্ষে সই করেন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

চুক্তি অনুযায়ী, ইতালি ‘সিজনাল’ ও ‘নন-সিজনাল’—এই দুই ধরনের কর্মী গ্রহণ করবে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সবসময় বৈধ উপায়ে শ্রমিক আগমনকে উৎসাহিত করি। এই সমঝোতা দুই দেশের বন্ধন আরও দৃঢ় করবে।”

বর্তমানে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইতালির প্রযুক্তি ও বাংলাদেশের মানবসম্পদ সম্মিলিতভাবে নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।



banner close
banner close