২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ’ এবং মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষায়িত প্রতিষ্ঠান লাইফওয়েভ যৌথভাবে চালু করেছে প্রোজেক্ট মাইন্ডরিস্টোর নামের একটি বিশেষ উদ্যোগ। রবিবার(১৩ জুলাই ২০২৫) জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের ফেসবুক পেজে এক বিবৃতিতে এই উদ্যোগের কথা জানানো হয়।
এই কর্মসূচির আওতায় অভ্যুত্থানে আহত, নিপীড়নের শিকার ও ট্রমায় আক্রান্ত ছাত্র-জনতারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা।
এ বিষয়ে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান সজীব বলেন—
২০২৪ সালের জুলাইয়ে আমরা যারা রাজপথে ছিলাম, আমরা শুধু চোখের সামনে রক্ত আর আগুন দেখিনি—আমরা দেখেছি ভয়, গুম, গ্রেপ্তার, আর নিপীড়নের নগ্ন রূপ। কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছে পিতা,কেউ হারিয়েছে বন্ধু,কেউ রাতের পর রাত ঘুমাতে পারেননি আতঙ্কে, কেউ এখনও হঠাৎ কোনো শব্দে কেঁপে ওঠেন। সেইসব সহযোদ্ধাদের পাশে দাঁড়ানো, তাদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া এখন সময়ের দাবি। শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, কিন্তু যারা বেঁচে আছেন, যারা নীরবে ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন, তাদেরও মানসিকভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার।
এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ইন্টেরিম সরকার এই আহত তরুণদের জন্য ন্যূনতম কোনো মানসিক স্বাস্থ্যসেবা কিংবা পুনর্বাসনের উদ্যোগ নেয়নি। রাষ্ট্রের এই উদাসীনতা আর অবহেলা আসলে আরেক ধরণের সহিংসতা—এই আহত প্রজন্মের প্রতি এক ধরনের নীরব প্রতিশোধ। যারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে দাঁড়িয়েছিল দেশের জন্য, আজ সেই রাষ্ট্রই তাদের পাশে দাঁড়াতে ব্যর্থ।
এই বাস্তবতা থেকে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ মনে করে, আর এক মুহূর্ত অপেক্ষা করা চলে না। সরকার যেখানে ব্যর্থ, সেখানে আমাদের মানবিক দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসতে হয়েছে। তাই ′প্রোজেক্ট মাইন্ডরিস্টোর’-এর মাধ্যমে আমরা মানসিক যন্ত্রণায় ভুগতে থাকা ছাত্র-জনতার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি, যেন অন্তত এই লড়াইয়ে তারা আর একা না থাকেন।
তিনি আরও জানান,
“এই কর্মসূচির আওতায় নারীদের জন্য বিশেষভাবে নারী সাইকিয়াট্রিস্ট ও নারী সাইকোলজিস্টের আলাদা পরামর্শ সুবিধা রাখা হয়েছে, যেন তাঁরা আরও নিরাপদ ও স্বস্তিতে এই সেবা গ্রহণ করতে পারেন।”
এই সেবাটি আন্দোলনে আহত ছাত্র-জনতার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। আগ্রহীরা জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের ওয়েবসাইটে গিয়ে সহজেই রেজিষ্ট্রেশন করতে পারবেন( https://Julysmrity.org )। রেজিস্ট্রেশন করার পর জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ ও LifeWave-এর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ টিম সরাসরি যোগাযোগ করবে এবং প্রয়োজন অনুযায়ী সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন।
আরও পড়ুন:








