শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

বাংলাদেশের আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে: ফরাসি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১১:৪২

আপডেট: ১৫ জুলাই, ২০২৫ ১১:৪৬

শেয়ার

বাংলাদেশের আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে: ফরাসি রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন খুব ভালোভাবে কাজ করবে। এটাই যে তাদের উদ্দেশ্য তা পরিষ্কার। তাই আশা করছি, নির্বাচনটি যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক হবে।’

তবে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে, তা প্রস্তুতির ধরন ও প্রয়োগের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা সবাই জানি, বাংলাদেশের একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। যতক্ষণ না সেই দল নিজেদের সংস্কার করছে, ক্ষমা চাইছে এবং তাদের কিছু নেতার বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে তাদের নির্বাচনে অংশ নেয়া কঠিন সেটি আমরা বুঝি।’

তার মতে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে শুধু বড় দল নয়, স্বতন্ত্র ও ছোট দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। যত বেশি দল অংশ নেবে, নির্বাচন তত বেশি অন্তর্ভুক্তিমূলক হবে বলে মনে করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্ব সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে কাজ করছে এবং এটি তাদের অঙ্গীকার। ফ্রান্স এই প্রচেষ্টাকে সমর্থন করছে। সম্ভব হলে, আমরা ইউরোপীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠিয়েও সহায়তা করতে চাই।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার বিচক্ষণ ও অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এখন সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাতে অনেক বাধা আসবে। তবে সাহস ও দৃঢ় প্রত্যয় থাকলে বাধাগুলো কাটিয়ে ওঠা যাবে।’

রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, ‘অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কারের প্রতি ফ্রান্সের সমর্থন রয়েছে। সরকারের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে আমরা আগ্রহী।’

তিনি বলেন, ‘অনেক প্রকল্প পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তাই সেগুলোর জন্য ধৈর্য ধরতে হবে। তবে আমরা চাই, সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।’



banner close
banner close