অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন তিনি।
সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।
মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ সময় বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে উপস্থিত ছিলেন।
আলোচনার সময়, জুট বাংলাদেশের প্রতি তার গভীর অনুভূতি প্রকাশ করেন, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান এবং নেপালের জন্য কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী মেয়াদের কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘আপনি এবং আপনার উপদেষ্টা পরিষদ দারুণ কাজ করছেন। বিশেষ করে আর্থিক খাতের বেশ কিছু জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমরা এই যাত্রা অব্যাহত রাখতে প্রস্তুত এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে আমরা একাত্ম।’
তিনি গত বছরের জুলাইয়ের বিদ্রোহে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটিকে বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্য একটি অত্যন্ত মর্মস্পর্শী মুহূর্ত বলে অভিহিত করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার এই সহানুভূতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যখন আমরা দায়িত্ব গ্রহণ করি, তখন দেশটি যেনো একটি ভূমিকম্প-পরবর্তী ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কোনো অভিজ্ঞতা ছাড়াই আমরা শুরু করি, কিন্তু উন্নয়ন সহযোগীদের সমর্থন আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘বিশ্বের অধিকাংশ দেশেই তরুণ জনগোষ্ঠীর ঘাটতি দেখা যাচ্ছে। আমরা তাদের বলেছি, আপনারা আপনার শিল্পকারখানা বাংলাদেশে নিয়ে আসুন। আমরা উৎপাদন হাব গড়তে প্রয়োজনীয় সহায়তা দেবো।’
নারীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশে মেয়েদের জন্য শিক্ষা ভাতা কর্মসূচির যে অগ্রণী উদ্যোগ আমরা এক সময় দিয়েছিলাম, তা এখন অনেক দেশ অনুকরণ করছে। আমরা আপনাদের পাশে আছি। যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি করতে বিশ্বব্যাংক সহযোগিতা অব্যাহত রাখবে।’
বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম বন্দরস্থ নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) নতুন ব্যবস্থাপনার অধীনে কনটেইনার হ্যান্ডলিং বৃদ্ধির তথ্য জানান।
আরও পড়ুন:








