পুরান ঢাকার জনসন রোডে সরকারি ২০তলা আধুনিক বহুতল ভবন নির্মাণে অনিয়ম ধরা পড়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে।
জেলা পরিষদের মাধ্যমে পুরান ঢাকার জনসন রোডে বাস্তবায়নাধীন ২০তলা আধুনিক বহুতল ভবন নির্মাণ প্রকল্পে নথি গায়েব, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সোমবার দুদকের এনফোর্সমেন্ট টিম থেকে অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বলেন, ‘জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়নাধীন ২০তলা আধুনিক বহুতল ভবন নির্মাণ প্রকল্পে নথি গায়েব, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযানে টিম রাজধানীর উত্তরায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয় থেকে নির্মাণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। পরে টিম জনসন রোডে অবস্থিত নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করে। টিম প্রকল্পে স্থবিরতার প্রমাণ পেয়েছে।’
দুদক সূত্রে জানা যায়, দুদকের অভিযানে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে বর্ণিত ভবনের নির্মাণে কার্যাদেশ দেয়া হয়, যার কাজের মেয়াদ ২০১২ সালের ১৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৭ মে পর্যন্ত নির্ধারিত ছিল। টিম জানতে পারে, ভবনটির ২০তলা পর্যন্ত ছাদ ঢালাই সম্পন্ন হলেও ২০১৭ সাল থেকে নির্মাণ কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে বলে প্রতীয়মান হয়েছে।
এছাড়াও অনুমোদিত স্ট্রাকচারাল ডিজাইন ও ডিটেইল এস্টিমেট সংশ্লিষ্ট দফতরে বা ঠিকাদার/পরামর্শকের কাছেও অনুপস্থিত থাকায় নির্মাণকাজের গুণগতমান যাচাই সম্ভব হয়নি, যা এ প্রকল্পে স্থবিরতার মূল কারণ বলে টিমের কাছে প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।
আরও পড়ুন:








