ঢাকার ধানমন্ডিতে নির্মাণাধীন একটি সরকারি আবাসিক প্রকল্পে সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও সরকারি কর্মকর্তাদের দেওয়া মোট ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘গৃহায়ণ ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নম্বর ১৩ (নতুন ৬/এ), বাড়ি নম্বর ৭১১ (নতুন ৬৩)–তে নির্মিত ভবনের বরাদ্দকৃত এসব ফ্ল্যাট বাতিল করা হয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন এবং ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্তের ভিত্তিতে।
যাদের বরাদ্দ বাতিল হয়েছে তারা হলেন- দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, ড. এম আসলাম আলম, আকতারী মমতাজ, মো. সিরাজুল হক খান, বিচারক মো. মঞ্জুরুল বাছিদ, সৈয়দ আমিনুল ইসলাম, অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং এস. এম. গোলাম ফারুক।
বাতিল হওয়া ফ্ল্যাটগুলোর আয়তন ২ হাজার থেকে ৪ হাজার বর্গফুটের মধ্যে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ব-অর্থায়নে পরিচালিত প্রকল্পটির স্বচ্ছতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:








