শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সোহাগ হত্যা মামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১৩:৪১

শেয়ার

সোহাগ হত্যা মামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ নামের ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার এ রিটের ওপর শুনানি হতে পারে।

এদিকে সোহাগ হত্যা মামলায় শনিবার টিটন গাজী নামে এক আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত। এ ছাড়া এ ঘটনায় পুলিশের করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে ১০ জুলাই এ হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনের পাঁচদিন ও অস্ত্র মামলায় রবিনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।



banner close
banner close