রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে সেচ্ছায় এ জবানবন্দি দেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে বৃহস্পতিবার অস্ত্র মামলায় রবিনকে দুদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। দুদিনের রিমান্ড শেষে রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মনির হোসেন জীবন। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে তিনি জানান, সোহাগ হত্যার সঙ্গে তিনি জড়িত নন। হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মহিনসহ অন্যদের সঙ্গে নিহত সোহাগের ভাঙারি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছিল। যার সূত্র ধরেই সোহাগকে খুন করা হয়েছে বলে জানান তিনি।
জবানবন্দিতে তিনি জানান, আসামি মহিনসহ হত্যাকারীরা আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই একচেটিয়া ভাঙারি ব্যবসা করে আসছে। সেসময় তারা সবাই হাজী সেলিমের লোক ছিলেন। সরকার পতনের পর মহিনসহ অন্যরা যুবদলে যোগদান করে তাদের একচেটিয়া ব্যবসা ও সিন্ডিকেট ধরে রাখেন। তিনি বলেন, নিহত সোহাগ ভাঙারি ব্যবসার পাশাপাশি আগে থেকেই যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর সোহাগ এই ভাঙারি ব্যবসার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। যার ফলে মহিনদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বের সূত্র ধরেই সোহাগকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে ৫ থেকে ৬ জন অংশগ্রহণ করে বলেও জবানবন্দিতে জানিয়েছেন অস্ত্র মামলায় আটক তারেক রহমান রবিন।
অপর আসামি টিটনের ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ইন্সপেক্টর নাসির উদ্দিন। রিমান্ড আবেদনে বলা হয়, ‘ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৯ জুলাই বিকাল পৌনে ৬টার দিকে টিটন গাজীসহ অন্যরা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী মো. সোহাগকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। লাঠি, হেলমেট, ইট ও সিমেন্টের কংক্রিট দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। মৃতদেহের ওপর লাথি মারে এবং লাফিয়ে লাফিয়ে উল্লাস প্রকাশ করে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নৃশংস হত্যাকাণ্ডে এমন দৃশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করে, যার ফলে বিভিন্ন সংগঠন এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এ আসামি মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।’
শুনানিতে রিমান্ড মঞ্জুরের পক্ষে আবেদন জানিয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখলাম, পাশবিকভাবে হত্যার উদ্দেশ্যে ইট, রড, সিমেন্ট, পাথর নিয়ে হামলা করে। আইয়ামে জাহেলিয়ার যুগের কথা শুনেছি, এবার তা দেখলাম। লাশের ওপর নৃত্য করার দৃশ্যও দেখলাম। তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’
এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা টিটন গাজীকে সামনে ডেকে আনেন বিচারক, তার আইনজীবী আছে কি না তা জানতে চান। জবাবে টিটন জানান, তার কোনো আইনজীবী নেই।
এরপর তার কোনো বক্তব্য আছে কি না জানতে চাইলে টিটন গাজী আদালতকে বলেন, ‘যে ভিডিওটা ভাইরাল হয়েছে, মনোযোগ সহকারে দেখবেন। আমি কোনো আঘাত বা মারধর করিনি। ভিডিওতে দেখবেন, আমি পেস্ট কালারের গেঞ্জি পরা। আমার এ ঘটনায় কোনো ভূমিকা ছিল না। আমি কাউকে মারার হুকুম দিইনি। শুধু দাঁড়িয়ে ছিলাম।’
পরে আদালত টিটনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
বিচারক এজলাস থেকে নেমে যাওয়ার পর টিটন গাজী সাংবাদিকদের উদ্দেশে বলেন, মনির নামের একজন তাকে ফোন দেন। সেই ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা নেই, ভাষ্য টিটনের।
অপরদিকে জবানবন্দি দেওয়ার পর রবিন সাংবাদিকদের বলেন, ‘আমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না। অথচ আমি দোষী, সারা বাংলাদেশের মানুষ এটা জেনে গেছে।’
তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে স্বীকার করে রবিন বলেন, ৮ দিন পর আমার পর্তুগালের ফ্লাইট, বিদেশ যাওয়ার জন্য তার ২২ লাখ টাকা খরচ হয়েছে।
এ হত্যাকাণ্ডে জড়িতদের কারও সঙ্গে তার ‘সম্পর্ক নেই’ জানিয়ে রবিন বলেন, ‘আমি ফাইসা গেছি। সন্দেহের কারণে আমাকে গ্রেফতার করেছে। আমার জীবনটা শেষ। আম্মু অসুস্থ হয়ে পড়েছে, ডায়াবেটিস ধরা পড়েছে। আর কিছু বলতে চাই না।’
জানা গেছে, ভাঙারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা মামলা অপরটি অস্ত্র মামলা।
উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত ৯ জুলাই এক ব্যবসায়ীকে হত্যা করা হয়। হত্যার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে।
আরও পড়ুন:








