প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি। তিনি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলেন।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি কমিশনের আছে কিনা, জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা ফুল পুরোদমে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কমিশনের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। যত দ্রুত সম্ভব প্রস্তুতি নিচ্ছি। যখন বলবে, তখনই যেনো করতে পারি। প্রধান উপদেষ্টা আমাদের স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেননি।’
এনসিপির পক্ষ থেকে কমিশন পুনর্গঠনের কথা বলা হয়েছে। বিষয়টি নজরে আনলে সিইসি বলেন, ‘দল নানা ধরনের বক্তব্য দিতে পারে। আমরা এখনো নির্বাচন করিনি, জোর করে বসিনি, কোনো দলের পক্ষপাত করিনি। উড়ে এসে জুড়ে বসিনি। কমিশন কেনো পুনর্গঠনের কথা বলবে? স্বচ্ছপ্রক্রিয়ায় নিয়োগ হয়েছে আমাদের। আমরা তো ৫ আগস্টের ফসল।’
সিইসি নাসির উদ্দীন বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর ওপর আস্থাশীল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে। আমাদের কর্মকাণ্ড দেখে আমাদের ওপর আস্থা রাখবে দলগুলো।’
আরও পড়ুন:








