রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

আদালত থেকে পালালো হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৫ ১৩:৫৩

শেয়ার

আদালত থেকে পালালো হত্যা মামলার আসামি
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম আদালত থেকে পালিয়ে গেছেন। আসামি শরিফুলকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক রিপন বলেন, ‘আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ কনস্টেবল শহিদুলকে আঘাত করে তিনি পালিয়ে যান।’

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, ‘আসামির হাতে হাতকড়া ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া লুজ করে কৌশলে খুলে ফেলেন। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যান।’

তিনি বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে জানানো হয়েছে আসামিকে গ্রেপ্তারের জন্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।’

আসামি মো. শরিফুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।