সোমবার

১৮ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মেগা প্রকল্পগুলো হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুন, ২০২৫ ২০:৪৫

শেয়ার

মেগা প্রকল্পগুলো হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প: প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে কি পরিমাণ লুটপাট হয়েছে, আপনারা সবাই জানেন। মেগা প্রকল্পগুলো যেন হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দেশের মানুষকে লুটপাটতন্ত্র থেকে বের করে আনতে।

তিনি আরও বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনরায় মূল্যয়ন করে দেখেছি যে, প্রায় সব প্রকল্পেই ভৌতিক ব্যয় ধরা হয়েছে। শুধুমাত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেল মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ—এই পাঁচটি বিভাগেই ব্যয় সংকোচ করা হয়েছে ৪৬ হাজার ৩০৮ কোটি টাকা।

প্রধান উপদেষ্টা বলেন, এই টাকা দিয়ে জ্বালানি খাতে সব বকেয়া মিটিয়ে দিয়ে বকেয়ার পরিমাণ শূন্যে নামিয়ে আনা হয়েছে। বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা আমাদের অগ্রাধিকার।

তিনি বলেন, দেশে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরিতে আমাদের গুরুত্ব দিতেই হবে। তা না হলে এদেশকে আমরা যে স্থানে নিয়ে যেতে চাই, সেখানে নিয়ে যাওয়া সম্ভব হবে না। বিনিয়োগ ও কর্মসংস্থানের ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন করছেন। সবার মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।



banner close
banner close