রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন, ২০২৫ ০৯:৩১

শেয়ার

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

রোববার দুপুরের মধ্যে রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে করে গরমের অনুভূতিও আগের তুলনায় কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসঙ্গে সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা বেশ আর্দ্র আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার সারাদেশে বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।