বাংলাদেশ থেকে ইতালি আরো জনশক্তি নিতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।
সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আগ্রহের কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশিদের নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার মোকাবেলা এবং বাণিজ্য, বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। কারণ রোম ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নবায়ন এবং পুনরায় চালু করতে আগ্রহী।
তিনি বলেন, ‘ইতালিতে আমাদের একটি দুর্দান্ত বাংলাদেশি সম্প্রদায় রয়েছে। আমরা বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি সত্যিই সন্তুষ্ট কারণ তারা তরুণ, পরিশ্রমী এবং ইতালীয় সমাজে নিখুঁতভাবে একীভূত হয়েছে।
ইতালিতে এই ধরনের আরো জনশক্তি আমাদের প্রয়োজন।’
ইতালির এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আসার অন্যতম কারণ হলো দেশটি থেকে অনেকেই ইতালিতে পৌঁছানোর জন্য অবৈধ উপায়ের ওপর নির্ভর করে, যা বিপজ্জনক। আমরা এমন অভিবাসীদের চাই যারা আইনি কাঠামো অনুসরণ করে। সমুদ্রপথে অভিবাসীদের অনিয়ন্ত্রিত আগমন ইউরোপীয় দেশটির জন্য খুবই সমস্যাযুক্ত।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘অবৈধ অভিবাসন এবং মানবপাচার বন্ধে বাংলাদেশ ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, কিছু আন্তর্জাতিক গোষ্ঠী আছে যারা অবৈধ পথে বাংলাদেশিদের ইতালি যেতে প্রলুব্ধ করার চেষ্টা করে।’
প্রধান উপদেষ্টা গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন এবং বলেন, এই সমস্যা মোকাবেলায় দুই দেশ একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
আরও পড়ুন:








