বুধবার

২০ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আসিয়ানের সদস্যপদ পেতে থাইল্যান্ডের সমর্থন চান প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫ ১২:২০

শেয়ার

আসিয়ানের সদস্যপদ পেতে থাইল্যান্ডের সমর্থন চান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস: ফাইল ছবি।

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্যপদ পেতে থাইল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি আসিয়ানের শীর্ষ দেশগুলোরও সমর্থন চান তিনি। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক সম্মেলনের শেষদিনে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে যোগ দিয়ে এ সমর্থন চান তিনি।

এ সময় দেশটির শীর্ষ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভাসহ মোট ১৯ জন বিশিষ্ট ব্যক্তি বৈঠকে অংশ নেন। এছাড়াও বৈঠকে থাইল্যান্ডের বিভিন্ন ব্যাংক, বিনিয়োগ প্রতিষ্ঠানের কর্ণধার, শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক ও বিশ্ববিদ্যালয় উপাচার্যরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় বিশ্বাসী। দেশটি সার্ক ও বিমসটেকের সদস্য। এখন আসিয়ানের সদস্য হওয়া বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আঞ্চলিক জোটগুলোর পদক্ষেপ নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, বিশৃঙ্খলা অনেক কিছু নাড়িয়ে দিতে পারে। আমাদের আরও বেশি সহযোগিতার প্রয়োজন। আমরা কি নতুন একটি ব্যবসায়িক মডেল নিয়ে ভাবতে পারি না?

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।



banner close
banner close