সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

আওয়ামী সন্ত্রাসীদের কবর দিতে গাজীপুর যাচ্ছে বৈষম্যবিরোধীরা: সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:২৫

আপডেট: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:২৬

শেয়ার

আওয়ামী সন্ত্রাসীদের কবর দিতে গাজীপুর যাচ্ছে বৈষম্যবিরোধীরা: সারজিস
ফাইল ছবি

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে জানা যায়, রাত ১০টার দিকে ১০০-১৫০ জনের একটি দল মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় মসজিদের মাইকে 'ডাকাত পড়েছে' বলে ঘোষণা দিলে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে হামলাকারীদের প্রতিরোধ করে। ধাওয়া খেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ১৬-১৭ জনকে আটক করে পিটুনি দেয়, এতে তারা আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, হামলার ঘটনায় ১৪-১৫ জন আহত হয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি, তার গ্রামের বাড়িটিও তখন থেকে তালাবদ্ধ ছিল।

আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থকদের হামলার অভিযোগে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সমাবেশটি আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে।

জাতীয় নাগরিক কমিটি সবাইকে এই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছে, "গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।"

গাজীপুরে হামলার ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। এতে তিনি লিখেছেন, “গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন, আমরা আসছি…।”



banner close
banner close