আগামী বর্ষার আগেই রাজধানী ঢাকার ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারবো বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার রাজধানীর মিরপুর-১৩ নম্বর বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রথম ধাপে ঢাকা উত্তরের ৪টি এবং ঢাকা দক্ষিণের ২টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। মিরপুর-১৩ এর বাউনিয়া খালের অংশে প্রথমে কার্যক্রম শুরু হয়।
সরকারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা ৩-৪টি মন্ত্রণালয় বসে কীভাবে বর্ষার আগে খালগুলোতে প্রবাহ ফেরাতে পারি সেই বিষয়ে কাজ করছি। প্রথমে খনন করবো, এরপরে ধাপে ধাপে বাকি কাজে এগিয়ে নিয়ে যাবো।
তিনি বলেন, ‘আমরা চাই খালগুলো হবে প্রাণকেন্দ্র। এই খালে মশা ব্যতীত কিছুই নেই। আমরা স্থানীয়দের নিয়ে কমিটি করে দেব। তারাই খাল দখল, দূষণ রোধে কাজ করবে।’
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








