সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করছে দলটির নিবন্ধন থাকার ওপর: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫ ১৬:৫২

শেয়ার

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করছে দলটির নিবন্ধন থাকার ওপর: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করছে দলটির নিবন্ধন থাকার ওপর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘আরএফইডি টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া, সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না। এবার তপশিল ঘোষণার আগে নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ।

সিইসি বলেন, সংস্কার কমিশনের বেশকিছু সুপারিশ ইসির সংবিধানিক দায়িত্বের পরিপন্থি। সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব অন্য কাউকে দেওয়া সংবিধান পরিপন্থি, কমিশনের এই সুপারিশ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া সীমানা নির্ধারণে সংস্কার কমিশনের স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করার সুপারিশের কোনো মানে নেই। ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান। ইসির অধীনেই এই দায়িত্ব থাকা উচিত।

তিনি আরও বলেন, সুপারিশ অনেক দেয়া যায়, কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা বুঝবেন কি কি বাধা আছে সুপারিশ বাস্তবায়নে।

কম সংস্কার চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন, আর আরেকটু বেশি সংস্কার চাইলে ২০২৬ সালের জুনে জাতীয় নির্বাচনের সময়সীমার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে উল্লেখ করেন নাসির উদ্দিন।

আগামী ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে উল্লেখ করে সিইসি বলেন, মে-জুন মাস বর্ষাকাল থাকে। বর্ষাকালে অতীতে নির্বাচন আয়োজন করতে দেখা যায়নি। নির্বাচনের দেড়-দুই মাস আগে তফসিল ঘোষণা করতে হবে। তার মানে অক্টোবর পর্যন্ত সময় আছে। আইনকানুন, বিধিবিধান দ্রুত নির্ধারণ করতে হবে, যাতে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি নেয়া যেতে পারে।



banner close
banner close