রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

রাজধানীর পান্থপথ সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫ ১২:৪১

শেয়ার

রাজধানীর পান্থপথ সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করা প্রবাসীরা সরে গেছেন। ফলে এক ঘণ্টা পর ওই এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে আন্দোলন শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে সরে যান তারা।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘টিকা নিতে স্কয়ার হাসপাতালের সামনে এসেছিলেন প্রবাসী ও ওমরা হজের যাত্রীরা। পরে প্রবাসীরা জানতে পেরেছেন তাদের টিকা লাগবে না, সেজন্য তারা চলে গেছেন।’

তিনি আরও বলেন, ‘ওমরা হজের যাত্রীরা টিকা না পেয়ে তারা এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে চলে গেছেন। পান্থপথ এলাকায় এখন আর কোনো আন্দোলনকারী নেই। এ এলাকার সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’

এর আগে সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরো দুই-একটি দেশে যাওয়ার জন্য টিকা নিতে যান প্রবাসী ও ওমরা হজের যাত্রীরা। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন টিকা নেই। পরে তাদের জানানো হয় পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে সেখানে যেতে।

সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন।

সে সময় স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান বলেন, ‘সকাল সাড়ে আটটা থেকে আমাদের হাসপাতালের সামনে টিকার জন্য প্রবাসীরা এসে বসে আছেন। এই মুহূর্তে আমাদের কাছে কোনো টিকা নেই। যা ছিল গতকাল পর্যন্ত আমরা দিয়েছি। এই টিকা বাংলাদেশে আমদানি করে রেডিয়েন্ট ফার্মা, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারা বলছে নতুন করে টিকা আনতে অন্তত ১০-১৫ দিন লাগবে। এই মুহূর্তে তো আমাদের কিছুই করার নেই।’

সোমবার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।



banner close
banner close