সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫ ১০:১৩

শেয়ার

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী
ছবি: সংগৃহীত

তীব্র শীত জেঁকে বসেছেরাজধানী ঢাকাতে। সেইসঙ্গে শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস । তার সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের৷ এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশা রাজধানীবাসীর জীবনযাত্রাকে প্রভাবিত করছে। এসব এলাকাজুড়েই দেখা গেছে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দিনের আলোতে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।

যদিও বেলা বাড়ার সঙ্গে এমন অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে৷ তবে ঠান্ডার অনুভূতিও অন্য সময়ের তুলনায় খানিকটা বেশি। অবশ্য অনেকেই বলছেন, বুধবার থেকেই সূর্যের তাপ না থাকায় শীতের প্রকোপ বেড়েছে।

এ ছাড়া সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। সেইসঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।



banner close
banner close