ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের মিথ্যা অভিযোগ তুলে ভারতীয় কোস্টগার্ডের ধরে নিয়ে যাওয়া ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠাবে বলে জানিয়েছে ভারতের উড়িশা রাজ্যের পুলিশ। এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
বৃহস্পতিবার এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন বাংলাদেশি জেলের আটক হওয়ার দুদিন পর ওড়িশা পুলিশ জানিয়েছে আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা এএনআইকে বলেছেন, আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূলরক্ষীরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।
তিনি আরও বলেন, দুই দিন আগে ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল। পরে তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়। তাদের যাচাইবাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেটি করা হয়েছে। এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভারতীয় কোস্ট গার্ডের অভিযোগ, আন্তর্জাতিক সমুদ্র আইন ও ১৯৮১ সালের মেরিটাইম জোন অব ইন্ডিয়া অ্যাক্ট লঙ্ঘন করে ট্রলার দুটি ভারতীয় জলসীমায় চলাচল করছিল।
এর আগে সোমবার ভারতীয় কোস্টগার্ড তাদের জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে। যদিও বাংলাদেশের নৌ-পরিবহন অধিদপ্তর থেকে সেসময় জানানো হয়েছিল যে জেলেসহ ২টি জাহাজ ভারতীয় কোস্টগার্ড অবৈধভাবে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যায়।
আরও পড়ুন:








