শুক্রবার

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১ ফাল্গুন, ১৪৩২

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য তিন শুক্রবার মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ১৭:০৮

শেয়ার

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য তিন শুক্রবার মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান
ছবি: সংগৃহীত

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আগামী তিন শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজের পর গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে।

আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৭৩৭ জন শহীদের ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়ার কথা জানিয়েছে সরকার। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্যমতে, এই সংখ্যাটি ৮৭৫। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির দাবি, আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৫৮১ জন।

হতাহতদের তালিকা প্রণয়নের জন্য সরকার একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে, যাদের সহায়তা করছে বৈষম্যবিরোধীদের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি। তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কবে তালিকা চূড়ান্ত হবে। বিশ্লেষকরা বলছেন, এই তালিকা অগ্রাধিকারের ভিত্তিতে চূড়ান্ত করা উচিত।

সরকারি হিসেবে অভ্যুত্থানে আহতের সংখ্যা প্রায় ২৩ হাজার, কিন্তু এইচআরএসএস দাবি করছে, এই সংখ্যা ৩০ হাজারের বেশি। বৈষম্যবিরোধীদের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির মতে, আহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে। গুরুতর আহতদের মধ্যে প্রায় ৮০০ জনের অবস্থা নাজুক, এদের মধ্যে ৪০০ জন চোখ হারিয়েছেন, এবং ৩৫ জন দুটি চোখই হারিয়েছেন। অনেকের অঙ্গহানিও হয়েছে, কেউ হারিয়েছেন হাত বা পা।



banner close
banner close