বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

৩ দিন পর রাস্তা ছাড়লেন গাজীপুরের পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ১৪:৫৮

আপডেট: ১১ নভেম্বর, ২০২৪ ১৫:১৮

শেয়ার

৩ দিন পর রাস্তা ছাড়লেন গাজীপুরের পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

টানা তিন দিন অবরোধের পর অবশেষে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা। বেতন পরিশোধের আশ্বাসে ৫৩ ঘণ্টা পর সড়ক ছাড়েন শ্রমিকরা। দীর্ঘ ভোগান্তির পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএন্ডজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকাল থেকে টানা তিনদিন ধরে ব্যস্ততম এ সড়ক অবরোধ করে রাখেন।