সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

মারা গেছেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪ ০৮:৩৭

শেয়ার

মারা গেছেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে উত্তরার বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তার মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান যে, তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজেস ভুগছিলেন।

১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। সে সময় তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিবের দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান সরকারের উপ-প্রধানমন্ত্রীর পদেও ছিলেন তিনি। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ-সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।

বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বি. চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে তার নানাবাড়িতে জন্ম গ্রহণ করেন।

।