আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিনের শপিং ব্যাগ এবং পলিপ্রোপিলিন ব্যাগ রাখা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এসব ব্যাগ ক্রেতাদের না দিয়ে বিকল্প হিসেবে সুপারশপে পাট ও কাপড়ের ব্যাগ সরবরাহ করতে হবে। তরুণ ও শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
সোমবার সচিবালয়ে পলিথিন ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হবে। পত্রিকায়ও গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
উপদেষ্টা বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সব সুপারশপের সঙ্গে বৈঠক করবে এবং পাটের ব্যাগ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তর ইএসডিও-এর সহযোগিতায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে একটি মেলার আয়োজন করবে, যেখানে ব্যাগ উৎপাদনকারীরা তাদের পণ্য প্রদর্শন করবে এবং সুপারশপ কর্তৃপক্ষ চাহিদা ও সরবরাহ নিয়ে আলোচনা করতে পারবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অন্যান্য মন্ত্রণালয় এবং বিভিন্ন সুপারশপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








