সিঙ্গাপুর যাওয়ার পথে বিমানের ভেতরে মদপান করে এক বিমানবালার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশি যুবক খোন্দকার মো. ইয়ামিন। পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি পেয়ে আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। এ সময় এক পুলিশ কর্মকর্তার গায়ে থুতু ছিটানোর ঘটনায়ও অভিযুক্ত হন। দুই ঘটনায় নিজের দোষ স্বীকারের পর তাঁকে কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।
২৩ বছর বয়সী ইয়ামিনের বিরুদ্ধে বিমানবালার শ্লীলতাহানি এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মদপানের পর বিমানবালাকে স্পর্শ
আদালতে জানানো হয়, গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে তিন গ্লাস ওয়াইন পান করেন ইয়ামিন। এরপর ২৬ বছর বয়সী এক বিমানবালার নিতম্বে হাত দেন তিনি।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো আদালতকে জানান, ঘটনাটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। এতে ওই বিমানবালা মানসিকভাবে বিপর্যস্ত ও ক্ষুব্ধ হন। তাঁকে স্পর্শ করতে নিষেধ করার পরও ইয়ামিন কোনো কথা না বলে হাসি দেন।
পরে ভুক্তভোগী বিমানবালা তাঁর এক সহকর্মীকে বিষয়টি জানান। ওই সহকর্মী ইয়ামিনকে এ বিষয়ে প্রশ্ন করেন। বিমানটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশকে খবর দেওয়া হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে আদালতের নথিপত্রে বিমানটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তা উল্লেখ করা হয়নি।
জামিনে মুক্তির পর পুলিশ কর্মকর্তার গায়ে থুতু
প্রথম ঘটনায় গ্রেপ্তারের পর ব্যক্তিগত বন্ডে মুক্তি পান ইয়ামিন। তবে এক মাসেরও কম সময়ের মধ্যে আবারও গ্রেপ্তার হন তিনি।
গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় একটি শক্ত পৃষ্ঠের ওপর তাঁকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন।
পুলিশ তাঁকে মদ্যপ অবস্থায় পায়। তখন তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। প্যারামেডিকরা তাঁর রক্তচাপ পরীক্ষা করার চেষ্টা করলে তিনি অসহযোগিতা করেন এবং মাটিতে এলোমেলোভাবে হাত-পা ছুড়তে থাকেন।
পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেট চেয়ে না পেয়ে তিনি আক্রমণাত্মক আচরণ করতে থাকেন। একপর্যায়ে তাঁর পা চেপে ধরে রাখা এক পুলিশ কর্মকর্তার গায়ে থুতু ছিটিয়ে দেন।
আদালতে দোষ স্বীকার
সোমবার সিঙ্গাপুরের আদালতে বিমানবালার শ্লীলতাহানি এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের ঘটনায় নিজের দোষ স্বীকার করেন খোন্দকার মো. ইয়ামিন। পরে আদালত তাঁকে কারাদণ্ড দেন।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস।
আরও পড়ুন:







