মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় গিয়ে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করছেন দেড় লাখেরও বেশি বাংলাদেশি। কারখানা, নির্মাণ সাইট, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে অভিবাসন বিভাগের অভিযানে আটক হওয়ার ঝুঁকিতে রয়েছেন তাঁরা। দালালের আশ্বাসে লাখ লাখ টাকা খরচ করে দেশটিতে গেলেও অধিকাংশের পারমিট হচ্ছে না। ফলে গ্রেপ্তার, জরিমানা, কারাদণ্ড ও দেশে ফেরত পাঠানোর আতঙ্কে দিন কাটছে তাঁদের।
ট্যুরিস্ট ভিসায় কাজের সুযোগ নেই
মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা মূলত সোশ্যাল ভিজিট পাস। এই পাসে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া যায়। তবে বেতনভুক্ত কাজ বা ব্যবসা করার অনুমতি নেই। এ শর্ত ভঙ্গ করলে দেশটির ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর ৩৯(বি) ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হয়। এ জন্য ১০ হাজার রিংগিত পর্যন্ত জরিমানা ও পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে কমপক্ষে ১০ হাজার রিংগিত জরিমানা, পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। পাশাপাশি ডিটেনশন ক্যাম্পে আটক, দেশে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে।
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার ট্যুরিস্ট ই-ভিসা সাধারণত একবার প্রবেশের সুযোগসহ সর্বোচ্চ ৩০ দিনের জন্য দেওয়া হয়। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য একাধিকবার প্রবেশের সুবিধা সীমিত করা হয়েছে। ভিসা থাকলেই মালয়েশিয়ায় প্রবেশ নিশ্চিত হয় না। দেশটিতে যাওয়ার আগে তিন দিনের মধ্যে বিনা মূল্যে এমডিএসি পূরণ করতে হয়। বিমানবন্দরে হোটেল বুকিং, ফেরত টিকিট ও পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখাতে না পারলে যাত্রীকে দেশে ফেরত পাঠানো হতে পারে।
অভিযানে বাংলাদেশিদের আটক ও ফেরত পাঠানো
মালয়েশিয়ার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ভিজিট পাসের অপব্যবহার করে কাজ করার অভিযোগে ১৫ হাজার ৩৪৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চের শুরু পর্যন্ত ভিজিট পাসের শর্ত ভঙ্গের অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে ৫৩২ জন বাংলাদেশি ছিলেন।
অভিবাসন বিভাগ অপস মেগা, অপস সেরকাপ ও অপস গেগারের মতো অভিযান চালাচ্ছে। কারখানা, নির্মাণ সাইট, রেস্তোরাঁ, মার্কেট এমনকি বিমানবন্দরেও চলছে তল্লাশি। ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৪২৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া ২০২৬ সালের মে পর্যন্ত দেশটিতে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে ৩০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২ হাজার ৩০০ জনের বেশি ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগে আটক হন।
মালয়েশিয়ার আইনে অবৈধ শ্রমিক নিয়োগের অভিযোগে মালিকদেরও শাস্তির বিধান রয়েছে। এ অপরাধে ১৫ হাজার থেকে এক লাখ রিংগিত জরিমানা এবং দুই থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে অভিযোগ রয়েছে, অনেক মালিক নিজেদের দায় এড়াতে আটক শ্রমিকদেরই দায়ী করেন।
কারখানা ও বিমানবন্দরে একের পর এক অভিযান
মালয়েশিয়ায় সেবা খাতে কর্মরত প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক অভিযানগুলোতে বাংলাদেশি শ্রমিকদের আটকের ঘটনা ঘটছে।
সেলাঙ্গরের শাহ আলম ও ক্লাংয়ের দুটি কারখানায় অপস মেগা অভিযানে মোট ২৭০ জন কাগজপত্রহীন শ্রমিক আটক হন। তাঁদের মধ্যে ১৯১ জন বাংলাদেশি। পেরাকের চেমরের কানথান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের দুটি রাবার গ্লাভস কারখানায় রাতের অভিযানে ৭৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষের দাবি, তাঁরা ভিজিট পাসের অপব্যবহার করছিলেন এবং তাঁদের কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছিলেন।
কুয়ালালামপুর বিমানবন্দরে এক অভিযানে ১২৩ জন বাংলাদেশিকে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হয়। পর্যাপ্ত অর্থ না থাকা, সন্দেহজনক হোটেল বুকিং এবং ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার করতে না পারায় তাঁদের ফেরত পাঠানো হয়। আরেক অভিযানে আরও ৮০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।
কুয়ালালামপুরের জালান চান সো লিনে অপস সেরকাপ অভিযানে ১১টি প্রাঙ্গণে একযোগে তল্লাশি চালিয়ে ৩০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১১ জন বাংলাদেশির বিরুদ্ধে জাল ই-পিএলকেএস ও জাল পুলিশ রিপোর্ট তৈরির চক্র পরিচালনার অভিযোগ আনা হয়েছে। বাকি ১৯ জনের মধ্যে ১৬ জন বাংলাদেশি বিভিন্ন অভিবাসন অপরাধে আটক হন।
বেতন আটকে রাখা ও শোষণের অভিযোগ
কুয়ালালামপুরে থাকা শ্রমিকেরা জানান, ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার খরচ শুরুতে কম মনে হলেও পরে জাল পারমিট তৈরি, বিশেষ পাস, ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি, দেশে ফেরার টিকিট ও জরিমানা দিতে গিয়ে ব্যয় অনেক বেড়ে যায়। অনেক ক্ষেত্রে মালিকেরা শ্রমিকদের বেতন আটকে রাখেন। অবৈধ অবস্থানের কারণে শ্রমিকেরা পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন না—এমন পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁদের ওপর শোষণ চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় এসব শ্রমিকের সাধারণত বৈধ কর্মচুক্তি, বিমা ও চিকিৎসাসুবিধা থাকে না। কারখানায় দুর্ঘটনার শিকার হলেও ক্ষতিপূরণ পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেককে ডিটেনশন ক্যাম্পে মাসের পর মাস থাকতে হয়।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সেলাঙ্গরের একটি কারখানায় কর্মরত এক বাংলাদেশি শ্রমিক জানান, দালাল তাঁকে বলেছিলেন, ট্যুরিস্ট ভিসায় যাওয়ার এক মাসের মধ্যে পারমিট করে দেওয়া হবে। কিন্তু আট মাস পার হলেও পারমিটের কোনো খবর নেই। তিনি বলেন, কারখানায় কাজ করলেও রাস্তায় পুলিশ দেখলে ভয় লাগে। ধরা পড়লে দেশে ফিরতে হবে, সব টাকাও শেষ হয়ে যাবে।
কুয়ালালামপুরের একটি নির্মাণ সাইটে কাজ করা মো. মিজান জানান, প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় তাঁর মনে হয়, সেটিই হয়তো শেষ দিন। সাইটে অভিযান হলে পালানোরও জায়গা থাকে না। মালিক তাঁকে বলেছেন, ধরা পড়লে তিনি চিনবেন না। দুই মাসের বেতনও আটকে রেখেছেন। মিজানের ভাষ্য, অবৈধ অবস্থানের কারণে পুলিশের কাছে অভিযোগ করার সুযোগও নেই।
পেনাংয়ের একটি রেস্তোরাঁয় কাজ করা এক যুবক জানান, ঘুরতে যাওয়ার কথা বলে মালয়েশিয়ায় প্রবেশ করলেও এখন তাঁকে প্রতিদিন ১৪ ঘণ্টা কাজ করতে হয়। একই কক্ষে আটজন থাকেন। অসুস্থ হলেও চিকিৎসকের কাছে যেতে ভয় পান, পাসপোর্ট দেখতে চাইতে পারেন। দেশে মা-বাবাকে ভালো থাকার কথা জানালেও রাতে ঘুম হয় না বলে জানান তিনি।
দেশে ফিরে আসা কায়সার আলম জানান, ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার পর বিমানবন্দর থেকে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। কিন্তু ২০ দিন পর একটি কারখানা থেকে তাঁকে আটক করা হয়। তিনি বলেন, ডিটেনশন ক্যাম্পে ২৭ দিন ছিলেন। দেশে ফিরতে নিজের টাকায় টিকিট কিনতে হয়েছে। এখন তাঁর পাসপোর্ট কালো তালিকাভুক্ত। বৈধভাবে আবার মালয়েশিয়ায় যেতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
জোহর বারুতে অবস্থানরত আরেক বাংলাদেশি জানান, অনেকে জাল পারমিটের জন্য আরও দুই থেকে তিন লাখ টাকা দিয়েছেন। পরে জানতে পেরেছেন, তাঁদের পারমিট জাল। এমন পারমিট নিয়ে ধরা পড়লে আরও বড় মামলায় জড়ানোর আশঙ্কা থাকে। দালালের আশ্বাসে ভুল করেছেন বলে এখন উপলব্ধি করছেন তিনি।
দালালের ফাঁদে বাড়ছে অভিবাসন ব্যয়
খরচের হিসাবেও বড় ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। সরকারিভাবে মালয়েশিয়ার ট্যুরিস্ট ই-ভিসার খরচ ১২৫ রিংগিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৮০০ টাকা। এর মধ্যে ২০ রিংগিত ভিসা ফি এবং ১০৫ রিংগিত প্রক্রিয়াকরণ ফি। এজেন্সির মাধ্যমে আবেদন করলে সেবামূল্যসহ খরচ হয় প্রায় ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা।
কিন্তু কাজের আশায় দালালের মাধ্যমে যাওয়া বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হচ্ছে অনেক বেশি অর্থ। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, ট্যুরিস্ট ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিং ও মালয়েশিয়ায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দালালরা এক লাখ ৫০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত নিচ্ছেন। দেশটিতে পৌঁছানোর পর পারমিট করে দেওয়ার নামে আরও দুই থেকে তিন লাখ টাকা দাবি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পরে সেই পারমিট জাল বলে ধরা পড়ছে।
মালয়েশিয়ার একটি হোটেলে কর্মরত এক বাংলাদেশি জানান, তিন মাস আগে ট্যুরিস্ট ভিসায় দেশটিতে এসেছেন। প্রতিদিন পুলিশি অভিযানের আতঙ্কে থাকতে হয়। ধরা পড়লে তাঁর সব টাকা শেষ হয়ে যাবে। বর্তমানে যা আয় করছেন, তা থেকে কিছু অর্থ দেশে পাঠাতে পারছেন বলেও জানান তিনি।
কলিং ভিসা বন্ধের পর সক্রিয় দালালচক্র
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের জুন থেকে দেশটিতে কলিং ভিসা বন্ধ থাকলেও বিভিন্ন খাতে শ্রমিকের চাহিদা ছিল। কারখানা, নির্মাণ সাইট, রেস্তোরাঁ, বাগান ও সেবাখাতে শ্রমিকের প্রয়োজন থাকায় বাংলাদেশ থেকে বিদেশে যেতে আগ্রহী অনেক তরুণের মধ্যে হতাশা তৈরি হয়। তাঁদের অনেকে ঋণ করে বা জমি বিক্রি করে দালালদের হাতে টাকা তুলে দেন।
প্রবাসীদের ভাষ্য, বৈধভাবে কর্মী যাওয়ার পথ বন্ধ থাকায় অসাধু দালালচক্র এই পরিস্থিতির সুযোগ নেয়। তারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কাজ শুরু করার এবং পরে ওয়ার্ক পারমিট করে দেওয়ার আশ্বাস দিতে থাকে।
ট্যুরিস্ট ভিসা সহজে ও দ্রুত পাওয়া যায় বলে অনেকে এই পথে আগ্রহী হন। বৈধ কর্মী নিয়োগের ক্ষেত্রে চাকরির চাহিদাপত্র, চিকিৎসা পরীক্ষা, প্রশিক্ষণ, সরকারি ছাড়পত্রসহ বিভিন্ন প্রক্রিয়া ও অপেক্ষার বিষয় থাকে। অন্যদিকে ট্যুরিস্ট ই-ভিসার আবেদন তুলনামূলক সহজ। এই সুযোগ কাজে লাগিয়ে দালালরা ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিং ও কাজের প্রতিশ্রুতি মিলিয়ে প্যাকেজ তৈরি করে এক লাখ ৫০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত আদায় করেন।
এ ছাড়া মালয়েশিয়ায় আগে থেকে থাকা কিছু মালিক ও দালালও এই ব্যবস্থায় সুবিধা পান বলে অভিযোগ রয়েছে। বৈধ শ্রমিক নিয়োগে চুক্তি, বেতন, বিমা ও লেভি দিতে হলেও ট্যুরিস্ট ভিসায় আসা শ্রমিকদের কম বেতনে বেশি সময় কাজ করানো সম্ভব হয়। বেতন আটকে রাখলেও তাঁরা আইনি সহায়তা নিতে ভয় পান।
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করা বাঙালি কমিউনিটির এক নেতা জানান, কলিং ভিসা বন্ধ হওয়ার পর ট্যুরিস্ট ভিসাকে নতুনভাবে শ্রমিক আনার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, পারমিট এবং এক মাসে বৈধ হওয়ার মতো বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অনেকেই এসব বিজ্ঞাপনে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন। কেউ বিমানবন্দর থেকে ফেরত এসেছেন, কেউ কারখানায় কাজ শুরু করার কয়েক দিনের মধ্যে অভিযানে আটক হয়েছেন। আবার কেউ জাল পারমিটের জন্য দুই থেকে তিন লাখ টাকা দিয়ে ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েছেন।
আরও পড়ুন:







