মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৬টি বাণিজ্যিক ভবনে এ অভিযান চালানো হয়। এ সময় মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান এবং কর্মানুমতি বা ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। অভিযানে নির্মাণ খাতের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো বিভিন্ন অনিয়মও ধরা পড়েছে।
আটকদের মধ্যে ৮৪ জন নারী
আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী রয়েছেন। বাংলাদেশ ছাড়াও নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের আটক করা হয়েছে।
অভিবাসন বিভাগের এ যৌথ অভিযানে বিভিন্ন সংস্থার মোট ২৫৪ জন সদস্য অংশ নেন। অভিযান চলাকালে অনিয়মের দায়ে মালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানকে তলব নোটিশ দেওয়া হয়েছে।
আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
তিন দিনে কারখানায় আটক আরও ৫১৯ জন
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে এর আগে গত ১৮ থেকে ২০ নভেম্বর দেশজুড়ে ৩৪টি কারখানায় পৃথক অভিযান চালায় কর্তৃপক্ষ। ওই অভিযানে আরও ৫১৯ জন অভিবাসীকে আটক করা হয়।
আরও পড়ুন:







