শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার ২২ বছরের যুবকের

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:৩৬

আপডেট: ২০ নভেম্বর, ২০২৬ ২০:৩৭

শেয়ার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার ২২ বছরের যুবকের
ছবি: বাংলা এডিশন

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার সকালে সৌদি আরবের আল-কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ আল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে মাসুদ নিজের বাইসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। পথে একটি প্রাইভেটকার তাঁর বাইসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ প্রবাসী।

মাত্র ২২ বছর বয়সে মাসুদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাঁর মৃত্যুর খবরে নিজ গ্রাম আহাম্মদপুরেও শোকের ছায়া নেমে এসেছে।

স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমানো মাসুদের এমন মর্মান্তিক বিদায়ে শোকাহত পরিবার, স্বজন ও এলাকাবাসী।