মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে

বাংলা এডিশন নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১০:৩৮

শেয়ার

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
ছবি সংগৃহীত

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিপদে পড়ে একটি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে উদ্ধার হওয়া ৬৫ বাংলাদেশি বর্তমানে মিশরের দামিয়াত কারাগারে বন্দি রয়েছেন। ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর তাদের উদ্ধার করা হয়। দেশে ফিরিয়ে আনতে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস।

প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন তারা

সোমবার (৯ নভেম্বর) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দূতাবাস জানায়, গত ৮ অক্টোবর ৬৫ বাংলাদেশিসহ মোট ৬৯ জন একটি রাবারের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। তাদের মধ্যে চারজন ছিলেন দক্ষিণ সুদানের নাগরিক।

১১ অক্টোবর নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে তারা গভীর সাগরে বিপদে পড়েন। প্রায় ২৪ ঘণ্টা ভেসে থাকার একপর্যায়ে নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। এতে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে ইয়াং মিং নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। ১৩ অক্টোবর তাদের মিশরের দামিয়াত বন্দরে নেওয়া হয়।

কারাগারে গিয়ে আটক বাংলাদেশিদের সঙ্গে কথা দূতাবাসের

দূতাবাসের শ্রম সচিব গত ৫ নভেম্বর দামিয়াত কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থা করা হয়।

আটক বাংলাদেশিরা অভিযোগ করেছেন, ইউরোপে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা তাদের লিবিয়ার বিভিন্ন স্থানে অমানবিক পরিবেশে আটকে রেখেছিল। পরে প্রায় ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন একটি ছোট রাবারের নৌকায় গাদাগাদি করে ৬৯ জনকে তুলে দেওয়া হয়।

তাদের অনেকেই ইউরোপে উন্নত জীবনের আশায় জমিজমা ও বসতবাড়ি বিক্রি করে দালালদের হাতে বিপুল অর্থ তুলে দিয়েছেন বলে জানিয়েছেন।

দেশে ফেরাতে আইওএমের সহযোগিতা চাওয়া হচ্ছে

দূতাবাসের শ্রম সচিব জানান, আটক বাংলাদেশিদের আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়া এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বিমান টিকিটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে ইউরোপযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।