সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বায়েজিদ রায়হান (২৭) এবং চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)।
মোটরসাইকেল নিয়ে ট্রাকে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু
পুলিশ ও প্রবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় পণ্য সরবরাহের কাজ করছিলেন বায়েজিদ রায়হান। এ সময় তাঁর ডেলিভারি মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বায়েজিদ পাঁচ বছর আগে আরব আমিরাতে গিয়েছিলেন।
পিকআপে যাওয়ার পথে লরির ধাক্কায় মহসিনের মৃত্যু
এর আগের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শারজার আল খোয়াজামিয়া শিল্প এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন।
পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাঁকে উদ্ধার করে আল কাসিমি হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মহসিনের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছিল। জীবিকার তাগিদে মাত্র দুই বছর আগে আরব আমিরাতে গিয়েছিলেন মহসিন। তাঁর বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে।
মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি
দুই প্রবাসীর মৃত্যুতে তাঁদের গ্রামের বাড়িসহ আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে।
আরও পড়ুন:







