কুয়েতের আল মুতলায় এক নিরাপত্তাকর্মীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জননিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম টাইমস কুয়েত এ খবর জানিয়েছে।
নির্মাণাধীন ভবনের ছাদে মিলল মরদেহ
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে আল মুতলার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধারের খবর পায় কর্তৃপক্ষ। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
খবর পেয়ে অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন এবং তদন্ত শুরু করেন। তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি ওই ভবনের সাবেক নিরাপত্তাকর্মী ছিলেন। মরদেহ উদ্ধারের এক দিন আগে তাঁর চাকরির মেয়াদ শেষ করা হয়েছিল। পরে তাঁর স্থলাভিষিক্ত হন নিহত নিরাপত্তাকর্মী।
চাকরি নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ
তদন্তকারীরা জানতে পারেন, আবাসিক ভিসার মেয়াদ শেষ হওয়াসংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানার কারণে ওই বাংলাদেশি শার্ক থানায় আত্মসমর্পণ করেছিলেন। হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার বিষয়টি সামনে আসার আগেই দেশ ছাড়ার উদ্দেশ্যে তিনি এমনটি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি জানান, চাকরিতে তাঁর স্থলাভিষিক্ত হওয়া নিরাপত্তাকর্মীর সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটান। একপর্যায়ে কাঠের বস্তু ও ছুরি দিয়ে ওই নিরাপত্তাকর্মীকে আঘাত করার কথাও স্বীকার করেন তিনি।
অভিযুক্তকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:







