বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৮:০৭

শেয়ার

সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাপায় তাঁর মৃত্যু হয় বলে স্বজনেরা জানিয়েছেন। এ ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জসিম উদ্দিন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। জীবিকার সন্ধানে প্রায় তিন বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে স্বজনেরা জানান।

নিহতের মৃত্যুর খবর সৌদি আরবে অবস্থানরত স্বজন ও সহকর্মীদের মাধ্যমে দেশে পৌঁছালে পরিবারে শোকের মাতম শুরু হয়। পরিবারের প্রিয় সন্তানকে হারিয়ে স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন।

নিহতের চাচা মো. পন্ডিত কামাল জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। তিনি শান্ত স্বভাবের ও পরিশ্রমী ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রবাসে গেলেও অকালে তাঁর মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়েছে।

নিহতের চাচাতো ভাই ও সৌদিপ্রবাসী রাজু ও শিপন জানান, প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

জসিমের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন তাঁর শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।