শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের

শিব্বির আহমদ রানা,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১৫:৪২

আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ ১৫:৪৩

শেয়ার

মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের
ছবি; সংগৃহীত

মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশে মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার পর কাতার যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোহাম্মদ ছৈয়্যদ মিয়া ও মাবিয়া খাতুনের ছেলে। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তিনি মোজাম্বিকে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। গত বছরও তিনি দেশে এসেছিলেন। এবার দেশে ফেরার পথে তাঁর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মোজাম্বিক প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এম আর মুজিব জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জসিমের বড় ভাই মো. ইউনুছ 'বাংলা এডিশন'কে বলেন, 'আমার ছোট ভাই দেশের উদ্দেশে মোজাম্বিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় দুই ঘণ্টা পর আকাশপথে তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পারি। পরে বিমানটি কাতার বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। জরুরি চিকিৎসা দলের সদস্যরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।' তিনি আরও বলেন, শুক্রবার রাতে ভাইয়ের মৃত্যুর খবর পান তাঁরা। শনিবার সকালে তাঁর মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে মরদেহ দেশে পৌঁছেছে কি না, সে বিষয়ে তখনো নিশ্চিত হওয়া যায়নি। জসিমের সঙ্গে থাকা আরেক প্রবাসীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জসিম উদ্দিন মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোমবো এলাকায় বসবাস করতেন। সেখানে কুরুমানার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছের ছোট ভাই তিনি।

মৃত্যুকালে জসিম উদ্দিন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে। প্রিয়জনের সঙ্গে দেখা করতে দেশে ফেরার পথে তাঁর এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।