সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

মালয়েশিয়ায় নথিহীন বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০

শেয়ার

মালয়েশিয়ায় নথিহীন বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার নির্দেশ
ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় বৈধ কাজের ভিসা বা প্রয়োজনীয় নথিপত্র নেই এমন বাংলাদেশিদের দ্রুত ও আইনসম্মতভাবে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের অভিযান চলার মধ্যে সরকারি বিশেষ কর্মসূচির সুযোগ নিয়ে গ্রেপ্তার এড়িয়ে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় রবিবার (৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।

BRM 2.0 কর্মসূচিতে দেশে ফেরার সুযোগ

তরিকুল ইসলাম জানান, অনিয়মিত বা নথিপত্রহীন বিদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়া সরকারের Migrant Repatriation Programme 2 বা BRM 2.0 চালু রয়েছে। এ কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা নথিপত্রহীন বিদেশি নাগরিক ও কর্মীরা আইনসম্মতভাবে ও নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।

এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। এজন্য বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট বা টিপি নিতে হবে।

এরপর দেশে ফেরার জন্য বৈধ ও নিশ্চিত বিমান টিকিট সংগ্রহ করতে হবে। মালয়েশিয়ার সরকারি নির্দেশনা অনুযায়ী, ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্টের কমপক্ষে পাঁচ দিন পর এবং ১৪ দিনের মধ্যে যাত্রার তারিখ হতে হবে।

নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে

আবেদনকারীকে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।

আবেদনের সময় মূল পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিট, পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার কপি, সংশ্লিষ্ট ইমিগ্রেশন পাসের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে পুরোনো ও নতুন উভয় পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশে ফেরার বৈধ ও নিশ্চিত বিমান টিকিটও থাকতে হবে।

নির্ধারিত ফি ও প্রযোজ্য জরিমানা ইমিগ্রেশন বিভাগের অনুমোদিত পেমেন্ট পদ্ধতিতে পরিশোধ করতে হবে। আবেদন করার আগে সর্বশেষ ফি ও শর্তাবলি ইমিগ্রেশন বিভাগের কাছ থেকে নিশ্চিত হয়ে নিতে হবে।

দালালকে টাকা না দেওয়ার সতর্কতা

তরিকুল ইসলাম জানান, BRM 2.0-এর আবেদন করতে কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে টাকা চাইলে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে আইনসম্মত ও নিরাপদভাবে দেশে ফেরার আহ্বান জানান হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।